স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুইজন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। আর অপরজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। করোনায় মারা যাওয়া যুবকের বয়স ৩৩ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই মৃত্যু নিয়ে সরকারি হিসেবে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১শ’ ১৪ জনে।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার সকদী পাঁচগাঁও গ্রামের দীপক হাসপাতালে ভর্তি হন গত শনিবার সকাল ৯টায়। এদিন বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান। তার করোনা পজিটিভ ছিল। এছাড়া আশিকাটি গ্রামের ৯৫ বছর বয়সী ফুলবানু রোববার সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতালে মারা যান। তিনি হাসপাতালে ভর্তি হন শনিবার দুপুর সাড়ে ১২টায়। তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এদিকে রোববার নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৩৪ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪,১০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন শনিবার পর্যন্ত ৩,৪০৩ জন এবং মারা গেছেন ১১৪ জন। মৃত্যু এবং সুস্থ বাদ দিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৫৬ জন।
উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে: চাঁদপুর সদর ১৩, শাহরাস্তি ৬, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ২ এবং হাইমচর ১ জন, কচুয়া ১ জন, মতলব উত্তর ১ জন ও দক্ষিণে ১ জন।
২৭ এপ্রিল, ২০২১।
