চাঁদপুর কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

শুধুমাত্র আত্মরক্ষায়ই নয়, সুস্থ শরীরের জন্য কারাতে প্রয়োজন…….. আইয়ুব আলী বেপারী

স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউ খাই চাঁদপুর শাখার প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে বেল্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে চাঁদপুর অরুণ নন্দী সুইমিংপুল ভবনের নিচতলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী বেপারী।
তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা থাকা ভালো। এর মাধ্যমে কিশোর, কিশোরী ও যুবকরা অনেক অপ্রীতিকর ঘটনা এড়াতে পারেন। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশলটি পুরোপুরি রপ্ত করা যায়। দেশের বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের স্বাধীনভাবে চলাফেরা করা বেশ ঝুঁকিপূর্ণ। ইভটিজিংসহ নানা উপদ্রব রয়েছে। তাই ভবিষ্যতে স্কুল ও কলেজের মেয়েরা কারাতে প্রশিক্ষণ নিলে আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারবে।
তিনি আরো বলেন, কারাতে শুধুমাত্র আত্মরক্ষার জন্যই নয়, সুস্থ শরীরের জন্যও প্রয়োজন। চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের কার্যক্রম এবং প্রশিক্ষণার্থীদের উপস্থিতি দেখে আমরা অভিভূত হয়েছি। এই প্রতিষ্ঠানের যে কোন সহযোগিতায় আমরা এগিয়ে আসবো।
শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার যেন অপব্যবহার না হয়। তোমরা কারাতে শিখে জাতীয় পর্যায়ে পুরস্কার সম্মান বয়ে আনবে। তোমরা ভালো মানুষ হলেই আমাদের অভিভাবকদের স্বার্থকতা।
চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের প্রশিক্ষক মো. জসিম গাজীর সভাপতিত্বে এবং সাংবাদিক আলম পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। এসময় প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩ জনকে ব্ল্যাক বেল্ট, ১জনকে ব্রাউন বেল্ট, ৩ জনকে ব্লু বেল্ট, ২ জন ইয়োলো বেল্ট এবং সনদপত্র প্রদান করেন অতিথিরা।

৩১ অক্টোবর, ২০২১।