কোন অপশক্তিই আমাদের ধর্মীয় সম্প্রীতি ও অগ্রযাত্রাকে নষ্ট করতে পারবে না
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে আমেনা নুর ফাউন্ডেশন ও হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সহিংসতায় দুইজন নিহত ও ১৭টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে (পূজামন্ডপ ও মন্দির) আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সংলাপে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমাদের এই ভূখন্ডে নানা ধর্ম, সংস্কৃতি ও ভাষার মানুষ রয়েছে। আবহমানকাল থেকে তারা যার-যার ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। কিন্তু এক সময় সাম্প্রদায়িকতার বীজ বপন করে দেশকে অস্থীতিশিল করে তুলে তৎকালীন সরকার। পরবর্তীতে বঙ্গবন্ধুর মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করেন।
তিনি বলেন, আমরা দেখেছি ৭১’র পরাজিত অপশক্তি, ৭৫’র ঘাতক এবং ২০০৪ সালে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই আমাদের এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করা নয়, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যারা ধর্মের অপব্যাখ্যা দেয় তাদের প্রতিহত করতে হবে।
ডা. দীপু মনি আরো বলেন, আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনভাবেই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের এই সম্প্রীতি নষ্ট এবং মানুষের নিরাপত্তা ও আমাদের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে পারবে না। এ ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিকরণে প্রশাসন ও পুলিশ কাজ করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগিয়ে যেতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে তথ্য প্র্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে। এজন্য পারিবারিক ও সামাজিকভাবে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং রাজনীতিতে সব ক্ষেত্রে একটি সচেতনতা তৈরী করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানের সহযোগিতা নিয়ে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বরিশাল বানারিপাড়া সংসদীয় আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সম্পাদককল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন সরোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, আমেনা নুর ফাউ›েডশনের (ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মো. নুর উজ জামান, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো. খলিলুর রহমান।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ড. সিরাজী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ইমামদের পক্ষে মুফতি আবুল হাশেম মিয়াজী, পুরোহিতদের পক্ষে সুধীর রঞ্জন দেবনাথ প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ীর উপস্থাপনায় আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. নজরুল ইসলাম ও গীতা পাঠ করেন অধ্যক্ষ সুধীর রঞ্জন দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ অক্টোবর, ২০২১।
