দিনে শহরে ট্রাক ঢুকতে পারবে না……….জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সভার শুরুতে অক্টোবর মাসের সিদ্ধান্তসমূহ এবং অগ্রগতিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, শহরের যানজটের মাত্রা বেড়ে গেছে। রাস্তায় চলাচল করা দায় হয়ে গেছে। এ পরিস্থিতির পরিত্রাণ প্রয়োজন। রাত ৮টার পর থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত শহরে ট্রাক ঢুকবে। দিনের বেলায় শহরে কোন ট্রাক ঢুকতে পারবে না। এ বিষয়ে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি’র বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করবে। যাত্রীবাহী নৌযান ও যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করছে কি-না তা দেখা হবে এবং মোবাইল কোর্ট চলবে।
তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার মনিটরিং জোরদার করা হবে। শীতের মৌসুমে তথা শুষ্ক মৌসুমে ইটভাটা চালু হচ্ছে। আমি জানতে পেরেছি এ জেলায় শতাধিক ইটভাটা অবৈধভাবে আছে। এই অবৈধ ইটভাটাগুলো বন্ধে পরিবেশ অধিদপ্তর থেকে প্রতিটি ইটভাটায় যেন অভিযান চালাতে হবে এখনই। পরিবেশ অধিদপ্তর না পারলে জেলা প্রশাসনের সাপোর্ট নিয়ে সেগুলো বন্ধ করা হবে। যেসব ইটভাটা অবৈধভাবে চলছে তাতে আমাদের পরিবেশ যে পরিমাণ দূষণ হচ্ছে এবং মাটির যে ক্ষতি হচ্ছে তা অনেক বড় ক্ষতি। এত ইটভাটা আমাদের প্রয়োজন আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচন বিষয়ে জেলা প্রশাসক বলেন, অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর সদরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। এখানে জনগণ ভোট দিতে পেরেছে, তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়েছে। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই নির্বাচন নিয়ে। আমরা নির্বাচনের আগেই জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি এবং আইন-শৃঙ্খলাকারী বাহিনী নিয়ে সমন্বয় সভা করি এবং তিন স্তরের নিরাপত্তা বলয় আমরা তৈরি করেছিলাম। অনেক জায়গায় চেষ্টা হয়েছে নির্বাচনের ফলাফল যাতে কেন্দ্রে না আসতে পারে, ব্যালট বাক্স ও ব্যালট পেপার যাতে রেখে যেতে হয়। সেই চেষ্টা সফল হয়নি। অনেকটা সফলভাবে এ নির্বাচনকে তুলে আনতে পেরেছি। এজন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্যদের ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক বলেন, আগামিতে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, সেগুলো যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। জহিরাবাদ, ফতেহপুর ও এখলাছপুর ইউনিয়নের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। নির্বাচন কমিশন এবং জেলা নির্বাচন কর্মকর্তা সাথে এ ব্যাপারে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে এখানে নির্বাচন করার উপযোগী পরিবেশ আছে কিনা।
করোনা টিকার বিষয়ে জেলা প্রশাসক বলেন, ফাইজারের টিকা এসেছে। ১৮ বছরের নিচে যাদের বয়স শিক্ষার্থীদের আমরা টিকা দেওয়া শুরু করব। এর জন্য আমরা একটি টিকা কেন্দ্র সিলেক্ট করেছি। এক্ষেত্রে আমরা আল-আমিন স্কুল এন্ড কলেজকে ঠিক করা হয়েছে। এজন্য এখানে এসির ব্যবস্থা করা হয়েছে।স্কুল সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু তার শিক্ষপ্রতিষ্ঠানে তিনি ৬টি টিকা বুথের জন্য ৬টি এসির ব্যবস্থা করে দেয়ায় জেলা প্রশাসক তাকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক বলেন, আমাদের মন্ত্রী যদি সময় পান তাহলে মঙ্গলবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বারা করোনা টিকা দেয়া শুরু করা হবে। প্রথম দিন ২০০ জনকে দেওয়া হবে।
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা বিষয়ে জেলা প্রশাসক বলেন, কেবিনেটকে জানানো হয়েছে। আরো কিছুদিন অপেক্ষা করার জন্য বলেছে। কোভিড পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত জানাবে বলেছে। চাঁদপুরে করোনা পরিস্থিতি ভালো অবস্থানে আছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের স্যাম্পল নেওয়া হলেও তাদের মধ্যে একজনের কোভিড পাওয়া যায়নি। করোনা শনাক্ত ক্রমান্বয়ে কমে আসছে। তারপরও আমাদের সচেতন সজাগ থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরিধান করা।
সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার মেয়র আব্দুল লতিফ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, জেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন, পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইছারুহুল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা প্রমুখ।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সদ্যযোগদানকারী বিসিএস ক্যাডারের ৮ জন সদস্য তাদের বুনিয়াদি প্রশিক্ষণ হিসাবে ডিস্ট্রিক্ট মিটিংয়ের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার জন্য এ সভায় অংশ নেন।
উন্মুক্ত আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন রাস্তার সমস্যা, বিভিন্ন মেলা চালু, শহরের যানজট নিরসন, কিশোর গ্যাং অপরাধ, কুয়াশার রাতে বাল্কহেড চলাচল বন্ধ, গণপরিবহণের ভাড়া মনিটর, লঞ্চে লাইফ জ্যাকেট নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থানীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা, অবৈধ সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ অন্যান্য কয়েকটি বিষয়ের উপর আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে।
১৫ নভেম্বর, ২০২১।
