স্টাফ রিপোর্টার
৭ মার্চ, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ১৭ মার্চ ও ২৬ মার্চ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, মার্চ মাস বাঙালির জাতির জন্য একটি ঐতিহাসিক মাস। বঙ্গবন্ধু জনগণের মেন্ডেট নিয়ে মুক্তিযুদ্ধের ডাক দেন। ৭ মার্চের সকালে জাতির জনকের প্রতিকৃতিকে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে তাই সবাই উপস্থিত থাকবেন। ১৭ মার্চ জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল। আমাদেরকে জাতির জনক ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে সামনে রেখে রাজনীতি করতে হবে। আজ জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোন মতানৈক্য নেই, তাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের মধ্যে বিভেদ নেই। যতদিন নেত্রী চাইবে ততদিন আমরা দায়িত্ব পালন করে যাব। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব যদি আসে তাহলে আমাদের দায়িত্বও শেষ হবে। অন্যায়ের প্রতিবাদ রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, স্ব-স্ব ইউনিটকে সঠিকভাবে কাজ করতে হবে কেন্দ্রের নির্দেশ মোতাবেক। আগামি সম্মেলনের মাধ্যমেই নির্ধারিত হবে কার হাতে সংগঠন নিরাপদ ও নেতৃত্বে কে আসবে। জেলা আওয়ামী লীগ কেন্দ্রিয় আওয়ামী লীগের আন্ডারে। তাই সময় বলে দিবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দিবে। ১৭ মার্চ আওয়ামী লীগের কর্মসূচি বলে দিবে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে আলোচনা করে সব কর্মসূচি ঠিক করা হবে। সভা যেখানেই হোক প্রত্যেকটি কর্মসূচি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মুজিববর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ২/৩ ঘর উপহার দিবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌ. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর অওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য রফিক উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
০৭ মার্চ, ২০২১।
