শওকত আলী
চাঁদপুরে যৌতুকের জন্য পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর মাথায় স্বামী শরীফ হোসেন খান ইট দিয়ে আঘাত করে ও গলা টিপে এক
সন্তানের জননী গৃহবধূ সাথী আক্তার (২৪) কে যৌতুকের জন্য হত্যা করার অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে নিহত সাথীর ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটেছে, গত বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার মোখলেছ খান নামক বড় খান বাড়িতে। এ ঘটনায় বুধবার রাতে গৃহবধূর মা ফাতেমা বেগম বাদী হয়ে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে নিহতের স্বামী শরীফ খান, তার বোন রাবেয়া বেগম ও তার বড় ভাইয়ের স্ত্রী হালিমা বেগমকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ চাঞ্চল্যকর ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর এলাকাবাসী হত্যাকারী স্বামী শরীফকে আটক করে মারধর পুলিশের কাছে দেওয়ার চেষ্টাকালে ইউপি সদস্য হাবিবুর রহমান টিটু শরীফেকে এলাকাবাসীর হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে টিটুর হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযুক্ত স¦ামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে সুরুত হাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, নিহত সাথী আক্তারের স্বামী শরীফ খান এর আগে একটি বিয়ে করে পশ্চিম রামদাসদী দোকানঘর এলাকার রফিক মল্লিকের মেয়ে রোকেয়া বেগমকে। সে সংসারে তার দু’টি সন্তান রয়েছে। শরীফের নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে দুই সন্তান নিয়ে প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যায়। গত তিন বছর আগে শরীফ খান চান্দ্রা এলাকার বাখরপুর পাটওয়ারী বাড়ির মিজানুর রহমানের মেয়ে সাথী আক্তারকে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। সাথীর সংসারে দুই বছর বছরের সুমনা নামে একটি মেয়ে রয়েছে।
নিহত সাথীর বাবা মিজানুর রহমান জানান, বিয়ের সময় শরীফকে ব্যবসা করার জন্য দুই লাখ টাকা দেয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে শরীফ সাথীর কাছে যৌতুক দাবি করে এবং তাকে নির্যাতন করতে থাকে। বিয়ের পর থেকে ৭বারে যৌতুক বাবদ শরীফকে এক লাখ ৯০ হাজার টাকা ব্যবসা করার জন্য দেওয়া হয়। এর পরও শরীফ পুনরায় যৌতুক দাবি করে যাচ্ছিল। গত মঙ্গলবার যৌতুকের জন্য সাথীকে শরীফ মাথায় এবং শরীরে ইট দিয়ে বহু আঘাত করেছে। আঘাত করার পর সাথী বিষয়টি ফোন করে তার বাবাকে জানিয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিব হাসান চৌধুরী জানান, মরদেহের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনা জানান পর পর ঘটনাস্থলে থানার অফিসারকে পাঠাই। আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে নিহতের স্বামী শরীফ, তার বোন ও ভাইয়ের স্ত্রীকে আসামি করে যৌতুকের অভিযোগ এনে মডেল থানায় মামলা দায়ের করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭ মার্চ, ২০২১।
