চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য ঠিক রাখতে বাজার মনিটরিং জোরদার করতে হবে
…….জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান
চাঁদপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি মনে করি আজকের উন্নয়ন সমন্বয় সভার সব বিষয়গুলোই সঠিকভাবে আলোচনা করা হয়েছে। অনেকগুলো সিদ্ধান্ত আজ নেয়া হয়েছে, আগামিতে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে দ্রব্যমূল্য ঠিক রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। দ্রব্যমূল্যের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যারা দ্রব্যমূল্য নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করবে তাদের চিহ্নিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের প্রতিটি বিভাগ যার যে কাজ নিয়ে আলোচনা হয়েছে। তারা যদি তাদের কাজ সঠিকভাবে মনিটরিং করেন তাহলে চাঁদপুরবাসীর উপকার হবে। দেশের মঙ্গলে আসবে। মানুষের কল্যাণে কাজ করার মন-মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করতে হবে।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুর থেকে যানজট নিরসনে সবাইকে পরিকল্পনা করে এগুতে হবে। অবাস্তব পরিকল্পনা করে কোন লাভ হবে না। ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে ডেঙ্গু মশা জন্মাতে না পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২২ নভেম্বর, ২০২২।