চাঁদপুর জেলা জামায়াতের আমির আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও. আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত সোমবার রাত দেড়টায় শহরের মাদ্রাসা রোড এলাকার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। রহিম চাঁদপুরের গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর ডিবি পুলিশের এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে রাত দেড়টায় মাদ্রাসা রোডের তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, জামায়াতের আমির রহিমের বিরুদ্ধে ভোলায় নবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় সংঘর্ষ ও কেন্দ্রিয় জামায়াত নেতা রাজাকার আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনায় নাশকতা চেষ্টার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চাঁদপুর থানায় নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। নাশকতা সম্পর্কে পুলিশ আব্দুর রহিমের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।