চাঁদপুর জেলা পরিষদে নৌকা পেলেন ইউসুফ গাজী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ আওয়ামী লীগের দলীয় পেলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী। এর আগে চাঁদপুর থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন ৭ জন।
গত শনিবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৬১টি জেলা পরিষদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে চলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম বিতরণ।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি মঞ্জুরুল আহমেদ মঞ্জু, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আগে আলহাজ মো. ইউসুফ গাজী চাঁদপুর জেলা যুবলীগের সভাপতি, চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান এবং চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১২ সেপ্টেম্বর, ২০২২।