চেয়ারম্যানসহ ১২ প্রার্থী নির্বাচিত হবেন
এস এম সোহেল
আগামি ১৭ অক্টোবর ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। এর আগে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। প্রথম জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনসহ মোট ২১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। কিন্তু এ বছর চেয়ারম্যান ১ জন, সাধারণ সদস্য ৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী নির্বাচিত হবেন বলে জানান জেলা নির্বাচন অফিসার।
নির্বাচনে রিটারিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। সহকারী রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।
চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১২৭৩ জন। এরমধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন ভোটার। চাঁদপুর সদরে মোট ভোটার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ১৫৮ ও নারী ৪৮ জন। হাইমচরে মোট ভোটার ৮০ জন, পুরুষ ৬১ ও নারী ১৯ জন। ফরিদগঞ্জে ভোটার ২১১ জন, পুরুষ ১৬২ ও নারী ৪৯ জন। মতলব দক্ষিণে ভোটার ৯৪ জন, পুরুষ ৭২ ও নারী ২২ জন। মতলব উত্তরে ভোটার ১৮৪ জন, পুরুষ ১৪১ ও নারী ৪৩ জন। কচুয়া মোট ভোটার ১৭২ জন, পুরুষ ১৩১ ও নারী ৪১ জন। হাজীগঞ্জে মোট ভোটার ১৭৬ জন, পুরুষ ১৩৫ ও নারী ৪১ জন। শাহরাস্তিতে মোট ভোটার ১৫০ জন, পুরুষ ১১৪ ও নারী ৩৬ জন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়া ৮ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হবেন, যা আগে ছিল ১৫ জন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হবেন ৩ জন, যা আগে ছিল ৫জন। সংরক্ষিত মহিলা সদস্য (ওয়ার্ড-১) চাঁদপুর সদর, হাইমচর ও ফরিদগঞ্জ, (ওয়ার্ড-২) মতলব দক্ষিণ, মতলব উত্তর ও কচুয়া এবং (ওয়ার্ড-৩) হাজীগঞ্জ ও শাহরাস্তি। নির্বাচনে সদস্য সংখ্যা কমে যাওয়ায় সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের দৌড়ঝাঁপ দিতে হবে। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬টি বুথে ভোট প্রদান কার্যক্রম চলবে। এই নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, এই প্রথম চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ইবিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সাথে সাথেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য ৮ জন ও সংরক্ষিত মহিলা ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী নির্বাচনী সকল কার্যক্রম সময় মতো সম্পন্ন হবে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ভোটগ্রহণ ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
০৭ সেপ্টেম্বর, ২০২২।
