চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। আমাদের পক্ষ থেকে সবসবময়ই প্রতিবন্ধীদের জন্য সহযোগিতা থাকবে। আমরা সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবো। অটিস্টিকদের ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সবধরনের সহযোগিতা করব। বিশেষ করে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে ১৫ শতক ভূমির ব্যবস্থা করবো। এ ব্যাপারে চাঁদপুর সদর এসি ল্যান্ডকে এই বিদ্যালয়ের নামে জমি ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনা দিবো।
তিনি বলেন, প্রতিবন্ধীদের বহনের জন্য আমরা বাহনগুলো মেরামত করে দিব। বিদ্যালয়ে আসবাবপত্র, শিক্ষা উপকরণ, কম্পিউটার সেট প্রদানের জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী ভাতা, ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করার ব্যবস্থা করবো এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো. ইসমাইল তপাদার কাঞ্চন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মজিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, শিক্ষক বিচিত্রা সাহা প্রমুখ।
সভার শুরুতেই চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভা শেষে প্রধানমন্ত্রীর ঈদ উল আজহার শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র মো. ইমরান খানের আঁকা ছবি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের হাতে তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

০৭ সেপ্টেম্বর, ২০২২।