চাঁদপুর জেলা প্রশাসনের অভিযানে ২ লাখ মিটার কারেন্টজাল জব্দ

শাহ আলম খান
ইলিশের বংশ বিস্তারে সুযোগ দেয়ার জন্য সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। সেই আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় জেলা টাস্কফোর্সের ১০টিম কাজ করছে। ২২ দিনের ইলিশ রক্ষা অভিযানে ৫ম দিনে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
গত ১৮ অক্টোবর দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে বিশেষ অভিযানে নামেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম।
অভিযান শেষে আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আজকে আমরা মতলবের মেঘনা নদী থেকে রাজরাজেশ্বর ও চেয়ারম্যান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোন জেলেকে না পাওয়া গেলেও তাদের রেখে যাওয়া ইলিশ শিকারের জন্য ২ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্য ওমর ফারুক, এইচএম আব্দুল কুদ্দুস রোকন, জাহিদুল হক মিলন, জাকির হোসেন, এম কে ওয়াসিম প্রমুখ।
সরেজমিনে এ অভিযানে গিয়ে দেখা যায়, জেলেরা অসাধু উপায়ে সুকৌশলে জাল পেতে রেখে যায়। পরে এসে সেসব জাল উঠিয়ে নিয়ে যায়।
অভিযান শেষে উদ্ধারকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। পরে জব্দকৃত ইলিশ অসহায় এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
২০ অক্টোবর, ২০২০।