বঙ্গববন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি

শাহ আলম খান
আগামি ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
প্রেস কনফারেন্সে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি হচ্ছে- ১৬ ও ১৭ মার্চ সব সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ১০মিনিটে অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ। সুবিধাজনক সময়ে স্ব-স্ব প্রতিষ্ঠানে সীমিত পরিসরে কেককাটা ও মিষ্টান্ন বিতরণ। সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির এবং গীর্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন। দিনব্যাপী, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা, মূক ও বধির স্কুলে মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন। দিনব্যাপী শহরের লঞ্চঘাট, রেল স্টেশন ও চাঁদপুর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্য চিত্র, ভিডিও ক্লিপস ও ফুটেজ প্রচার। দিনব্যাপী চাঁদপুর-কুমিল্লা, চাঁদপুর-লক্ষ্মীপুরগামী বাসে প্রতি ট্রিপে একজন করে মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, প্রতিবন্ধীদের ফ্রি টিকিট শুভেচ্ছা উপহার প্রদান। দুপুর ২টায় চাঁদপুর হতে চট্টগ্রামগামী দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেনে ১শ’ টি টিকিট শুভেচ্ছা উপহার প্রদান। দিনব্যাপী ঢাকা-চাঁদপুর চলাচলকারী লঞ্চে প্রতিট্রিপে মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, প্রতিবন্ধী মোট ৫ জনকে ফ্রি টিকিট উপহার প্রদান। দিনব্যাপী শহরের পিক এন্ড পে, লিটন ডিপার্টমেন্টাল স্টোর, ভূঁইয়া বিগ বাজার, স্যোশাল বাজারে ২% মূল্য হ্রাস এবং ২ হাজার ৪শ’ জন হতদরিদ্রের মাঝে বিনামূল্যে চাল, ডাল, লবণ, আটা ও আলু বিতরণ। দিনব্যাপী ডায়াবেটিস ও চক্ষু হসপিটালে মুক্তিযোদ্ধা এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু, ডায়াবেটিস চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান। দুপুর ১টায় শহরের ক্যাফে ঝিলে ১শ’ জন দরিদ্রের মাঝে খাবার বিতরণ। সকাল ১০টায় শহরের শিশু পরিবারের বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে মিষ্টি বিতরণ।
দিনব্যাপী মিষ্টি বিতরণ- ওয়ান মিনিট আধা কেজি ওজনের ১শ’ প্যাকেট, মৌসুমী সুইটস আড়াইশ’ গ্রাম ওজনের ১শ’ প্যাকেট, মুসলিম সুইটস ২৫০ গ্রাম ওজনের ১শ’ প্যাকেট, আব্দুল্লাহ সুইটস ২৫০ গ্রাম ওজনের ১শ’ প্যাকেট, মরিয়ম সুইটস ২৫০ গ্রাম করে ১শ’ প্যাকেট, বিক্রমপুর সুইটস ২৫০ গ্রাম করে ৫শ’ প্যাকেট।
সকাল ১০টায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়।
সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সেতু ও মতলব সেতুতে টোল ফ্রি যানবাহন চলাচল সুবিধা প্রদান। দিনব্যাপী চাঁদপুরের সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২০% ছাড়ে টেস্ট ও চিকিৎসা সেবা প্রদান। বিকাল ৪টা থেকে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত বড় স্টেশন মোলহেড, ট্রেন স্টেশন, বাবুরহাট, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রিকশা চালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিতদের মাঝে ১ হাজার খাবার সামগ্রীর প্যাকেট বিতরণ।
রাত ৮টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি। রাত ৮টায় জাতীয় অনুষ্ঠানমালা সম্প্রচার: বিটিভিসহ অন্যান্য বেসরকারি চ্যানেলসমূহ কর্তৃক সরাসরি সম্প্রচার।
