বিএনপি নেতাকর্মীদের গুম-হত্যা ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে
স্টাফ রিপোর্টার
বর্তমান সরকার কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গুম-হত্যা স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির ফলে মানুষ আজ দিশেহারা। অচিরেই বাংলাদেশ শ্রীলংকা হতে যাচ্ছে। সিলেটের ইলিয়াছ আলী ও চৌধুরী আলমসহ ৫ হাজার নেতাকে গুম করেছে এ সরকার। র্যাব ও পুলিশ দিয়ে তারা হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে। চাঁদপুরে ২৩ জনকে হত্যা করা হয়েছে। গুম-খুন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ফুঁসে ওঠেছে। আজ গুম-খুন নিয়ে আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে।
তিনি আরো বলেন, গুম-খুন হওয়া পরিবারের চোখের পানি বন্ধ হচ্ছে না। তারা তাদের আপনজনকে ফিরে পেতে চায়। আজ মানুষ সোচ্চার হয়েছে। এ সরকারের লুটেরারা বিভিন্ন কথিত প্রজেক্ট বানিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে।
চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজু, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে।
৩১ আগস্ট, ২০২২।
