৭ বালু মহালের বিরুদ্ধে ৭ মামলা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৭টি বালু মহালের বিরুদ্ধে করা ৭টি মামলায় নগদ ৭ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পৌরসভাধীন আলীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন এবং হাজীগঞ্জ বাজার এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু মহাল ব্যবসায়ীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, এদিন (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের সামনে একটিসহ মোট চারটি বালু মহালকে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৪ এর ৪ (ক) ২ ধারা অনুযায়ী পৃথক পৃথকভাবে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরপর হাজীগঞ্জ বাজার এলাকায় ১টি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ (হাজীগঞ্জ সেতু) সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুইটিসহ মোট তিনটি বালু মহালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী পৃথক পৃথকভাবে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার এসআই শেখ আব্দুল আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ আগস্ট, ২০২২।
