চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আজ দেশে আইনের শাসন নাই……..আবুল খায়ের ভূঁইয়া

এস এম সোহেল
দীর্ঘ ১ যুগ পর অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের কার্যক্রম চলে।
সকাল সাড়ে ১০টায় জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিলরের মতামতের ভিত্তিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১,৫১৫ জন।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আজ দীর্ঘ ১৪ বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। এটি এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল না। আজ যারা মুক্তিযুদ্ধ ও ইতিহাসের কথা বলে তারাই এদেশে ইতিহাসকে বিকৃত করেছে। আজ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ ব্যাংক শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু কারো বিচার হয়নি। অথচ একটি মিথ্যা সাজানো মামলায় তিনবারের সাবেক প্রধানমত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার আটকে রেখেছে।
তিনি আরো বলেন, আজ দেশে কোন আইনের শাসন নাই। এদেশের জনগণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছে। আমরা আর হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে যাবো না। আন্দোলন সংগ্রামে করে আমাদের দাবি আদায় করতে হবে। এজন্য আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সম্মেলনের মধ্যে দিয়ে যেই নেতৃত্ব আসবে সেই নেতৃবৃন্দের মাধ্যমে যেন চাঁদপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ রাশেদা বেগম হীরা, বিএনপির কেন্দ্রিয় নেতা এম এ হান্নান, কেন্দ্রিয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। শোক বার্তা পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী এবং খলিলুর রহমান গাজীর যৌথ পরিচালনায় বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুক্কুর পাটওয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শীরিন সুলতানা মুক্তা, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমান উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, কচুয়া উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল আলম সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনূছ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান দুলাল, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা কবির সরকার, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন।
দুপুর আড়াইটা থেকে ভোটারদের দীর্ঘ লাইনে ৫টি বুথে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। তবে পুরো সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মেলনের সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. সলিম উল্যাহ সেলিম ছাড়া বাকি ৫ প্রার্থীর একজনকেও দেখা যায়নি। এমনকি এসব প্রার্থীর কোন কর্মী-সমর্থকদের সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়নি।

জেলা বিএনপির সভাপতি মানিক, সেক্রেটারী সেলিম

চাঁদপুরে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রার্থীদের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।
ঘোষণাকৃত ফলাফল হলো- সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জি. মমিনুল হক পান ২৩ ভোট ও এসএম কামাল উদ্দিন চৌধুরী পান ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম পেয়েছেন ৮৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান মো. সফিকুজ্জামান ৩৯ ভোট, মোস্তফা খান সফরী ২৫ ভোট ও কাজী গোলাম মোস্তফা ১৪ ভোট পান।

০৩ এপ্রিল, ২০২২।