কেন্দ্রিয় সম্মেলনকে সামনে রেখে
স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় সম্মেলনকে সামনে রেখে চাঁদপুর জেলা য্বুলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান ভূঁইয়া কালু।
তিনি তার বক্তব্যে বলেন, সংগঠন তার গতিতে চলে। গত ৭ নভেম্বর আমরা একটি সাধারণ সভার আহ্বান করি। অনেকে বলেছে, আমি নাকি ব্যক্তিগত প্রতিষ্ঠানে সভা করেছি। থানা যুবলীগ তো আমাদের প্রতিপক্ষ না। আমরা ৭ তারিখ সিদ্ধান্ত নিয়েছি ১৮ তারিখ বিকাল ৩টায় সভা নির্ধারণ করি। আর আজ শুনি দুপুর ২টায় সদর থানা যুবলীগ সভা দিয়েছে। আমরা বিষয়টি জেলা আওয়ামী লীগ সভাপতিকে জানাই। তিনি এখানে কাউকে সভা না করার জন্য বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দৃষ্টি আকর্ষণ করে কালু ভূঁইয়া বলেন, আপনাদের সামনে আমাদের কুলাঙ্গার ও ভূমিদস্যু বলা হয়েছে। আপনারা তাদের কিছুই বলেন নাই। আমি এখনও জেলা যুবলীগের দায়িত্বে রয়েছি। আপনাদের কারণে যুবলীগে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ আমাদের ফাদার সংগঠন। আপনাদের আমরা সম্মান করি। আজ কেন কাদা ছোড়াছুড়ি? আর কোন নেতাকর্মীকে লাঞ্ছিত হতে দেয়া হবে না। বিএনপি-জামায়াত থেকে কারা আওয়ামী লীগে এসেছে? তাদের চিহ্নিত করতে হবে। অনুপ্রবেশকারীদের ভিত শক্ত করতে এখন তারা এমপি ও মন্ত্রীদের ছবি দিয়ে বড়-বড় বিল বোর্ড তৈরী করে ছড়িয়ে দিয়েছে। সাবেক ফ্রিডম পার্টির নেতার আজ বিলবোর্ড শহর দখল করে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আপনাদের আশপাশ থেকে তাদের সরিয়ে দিবেন। আমরা আওয়ামী লীগ অফিসে কি আর যেতে পারব কি-না, তা জানাবেন। আর কারা কারা যেতে পারবে না প্রয়োজনে নাম প্রকাশ করে তালিকা টানিয়ে দিবেন। সংগঠনের মধ্যে নাম বা পদ না থাকলেও আমরা আওয়ামী লীগের সাথে থাকবো। নৌকায় ভোট দেবো।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবু পাটওয়ারী, সদস্য ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগ সদস্য চন্দ্র, বাদল উদ্দীন, সোহাগ পাটওয়ারী, ইকবাল, কচুয়া উপজেলার যুবলীগের সভাপতি ও মেয়র নাজমুল আলম স্বপন, হাইমচর উপজেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান হাবুসহ জেলা, সদর, উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা।
