স্টাফ রিপোর্টার
মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার নদীতে নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। দিনব্যাপী মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
বিকেলে হানারচর ইউনিয়নের হরিণা ফেরি ঘাট এলাকায় অভিযান চলাকালে জেলেরা হামলা চালায়। এসময় পুলিশ ১৯ রাউন্ড সর্টগানের গুলি ছোড়ে। ঐ এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করে। পরে জব্দকৃত কারেন্টজাল ঐ এলাকার ফাঁকা একটি মাঠে পুড়িয়ে বিনষ্ট করে ফেলে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ইউনিয়নের নদীর অপরপাশে আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে বিভিন্ন ঘর থেকে আরো আনুমানিক ২০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করে ঐ স্থানে পুড়িয়ে ফেলা হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নৌ-পুলিশের ডিআইজি জানান, নদীতে নৌ-পুলিশের অভিযানে ৩ হাজার ১শ’ জেলেকে জেল-জরিমানা এবং ১৫ কোটি মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। এছাড়া ৩৮ টন মা ইলিশ জব্দ করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নিষেধাজ্ঞা শেষে কারেন্টজালের উৎপাদন বন্ধে জাল তৈরির কারখানাতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নৌ পুলিশের অভিযান আরো জোরালো করতে নৌ-যানসহ বিভিন্ন ধরনের সাপোর্ট বাড়ানো হবে বলে নৌ পুলিশের প্রধান জানান।
নৌ-ডিআইজি আরো জানান, কারেন্টজাল যেন উৎপাদন না হয় সে জন্য আমরা নদী ছাড়াও জাল তৈরীর জায়গা বন্ধ করার চেষ্টা করছি। আমারা মুন্সীগঞ্জের মুক্তারপুরে ৩০ অক্টোবরের পরেও আমাদের অভিযান পরিচালনা করবো। জেলেদের গ্রেফতার করা বা তাদের হয়রানি করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। জেলেরা যেন নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরে অন্য কোন কাজ করে। তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় মাছগুলোও যেন ক্ষতিগ্রস্ত না হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, মোল্লা নজরুল, পুলিশ সুপার এবিএম হারুনুর রশিদ, সফিকুল ইসলাম, জমশের আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোরশেদ, নৌ-পুলিশের আবু তাহের খানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের ডিআইজির অভিযান
