মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে স্টিলের আলমারি, বই রাখার সুকেজ, সিলিং ফ্যান, কম্পিউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় শিক্ষক কক্ষে গত সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পর বিদ্যালয়ের নৈশপ্রহরী বিল্লাল হোসেন আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে বিদ্যালয়ের হোস্টেলে থাকা শিক্ষার্থীরাসহ এগিয়ে এসে মেইনসুইচ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, বিদ্যালয়ের শিক্ষক রুমে আগুন লেগেছে শুনে ভোর ৪টায় বিদ্যালয়ে আসি। এসে দেখি ২০১৯ সালের জেএসসি পরীক্ষার অনিয়মিত ২টি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, নিয়মিত ১টি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ২০২০ সালের অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, একটি (ডেক্সটপ) কমপিউটার, প্রিন্টার, ডিজিটাল হাজিরা মেশিন, সিসি ক্যামেরা, শিক্ষকদের জনতা ব্যাংকের চেক বই, ৮টি সিলিং ফ্যান, নির্বাচনী পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র, স্টিলের আলমারি, বই রাখার সুকেজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান, মতলব দক্ষিণ থানা পুলিশ, বিদ্যালয়ের সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য মো. রফিক মজুমদার, মুনসুর আহম্মেদ নিপু অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবের নারায়ণপুর পপুলার উবিতে অগ্নিকাণ্ড
Post navigation
