দেশে ইলেক্ট্রিশিয়ানদের ব্যাপক চাহিদা রয়েছে
…………… মো. মাজেদুর রহমান খান
সজীব খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ (১৭ মার্চ ২০২০ হতে ১৭ মার্চ ২০২১) পর্যন্ত উদযাপনের জন্য সেবাবর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ রেগুলার ইলেক্ট্রিশিয়ান ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের কনফারেন্স রুমে জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে ইলেক্ট্রিশিয়ান পেশার ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের বসতঘরে ইলেক্ট্রিকের জিনিস প্রতিনিয়ত বাড়ছে। আধুনিক মানের চাহিদার জন্য দক্ষ ইলেক্ট্রিশিয়ানদের চাহিদা প্রচুর হারে বেড়ে চলছে। আমাদের নতুন নতুন চাহিদার জন্য প্রতিনিয়তই ইলেক্ট্রিশিয়ানের প্রয়োজন রয়েছে। দক্ষভাবে ইলেক্ট্রিশিয়ান হতে পারলে দেশের বেকারত্ব দূর হবে। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি রেগুলার ইলেক্ট্রিশিয়ান ট্রেনিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে। দেশের বেকারত্ব দূর করার জন্য এ পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেষ্টা করলে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। কোন কাজকেই খাটো করে দেখার বিষয় না। পেশাকে বড় করে দেখলে নিজেকে দ্রুত প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতি ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে। মানুষের ঘরে ঘরে যাতে অতিদ্রুত বিদ্যুৎ পৌঁছে তার জন্য ব্যাপক হারে পদক্ষেপ গ্রহণ করেছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চাঁদপুরে ব্যাপক সুনাম রয়েছে। এখানকার উর্ধ্বতন কর্মকর্তাদের দক্ষতার জন্য এর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। সরকারের ভাল ভাল কাজগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে। সরকার দেশকে এগিয়ে নেয়ার জন্য দিনরাত কাজ করছে। এছাড়া ইলেক্ট্রিশিয়ান পেশার ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য বেকার তরুণদের ইলেক্ট্রিশিয়ান হিসেবে ট্রেনিং নিতে উৎসাহ দিতে হবে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম সিয়াম সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী শাহ মো. আলমগীর কবির, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম (কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, এজিএম (ওএন্ডএম) রীশু কুমার ঘোষ, এজিএম (অর্থ) রাজন পাল, এজিএম (প্রশাসন) মেহেদী হাসান, একাউন্ট্যান্ট দীপক চক্রবর্ত্তী, এনফোর্সমেন্ট (কো-অর্ডিনেটর) এ কে আজাদ, মো. সেলিম আলদীন, জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ হোসেন, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর মুকবুল আহম্মেদ মজুমদার, এমএমসিএস আব্দুল মাজেদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) মিল্টন নাইডু, ওয়ারিং পরিদর্শক মো. সোহেল রানা, রাজু বিশ্বাস, ইংরেজি বিষয়ে প্রশিক্ষক মাহবুবুর রহমান, প্রশিক্ষণার্থী শিউলী আক্তার ও ফারুক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মো. নুরুদ্দীন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এ ইলেক্ট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্স
