চাঁদপুরে জাতীয় যুব দিবসের আলোচনা সভা

আমরা কিছু দুর্নীতিবাজদের কারণে বদনাম কামাচ্ছি
…………..সচিব নুরুল আমিন
স্টাফ রিপোর্টার
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে চাঁদপুর জেলা যুব ভবনের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল আমিন।
তিনি বক্তব্যে বলেন, সবাইকে যুব দিবসের শুভেচ্ছা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, আমি সচিব হতে পারতাম না। এদেশের আন্দোলনের ‘৬২, ‘৬৬, ‘৬৯ ও ‘৭১ সালসহ সব ক্ষেত্রে যুবকদের ভূমিকা রয়েছে। আমাদের শ্রমশক্তি বাড়ছে। আয়তনের দিক থেকে বাংলাদেশ ৯৪তম। আমরা এখন সর্বদিকে স্বয়ংসম্পূর্ণের পথে। ইলিশ রপ্তানি দিয়ে আমরা সারা বিশ্বে আজ প্রথম, গার্মেস্টস শিল্পে দিয়ে আমরা দ্বিতীয়, সবজি উৎপাদনে আমরা তৃতীয় ও ধান উৎপাদনে আমরা চতুর্থ। বিশ্বের সব রেকর্ড বাংলাদেশে। বিদেশীরা এখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে আমাদের প্ল্যান জানতে চায়। আমাদের ডেল্টা প্ল্যান হয়েছে। দেশকে এগিয়ে নিতে এ প্ল্যান অনুযায়ী কাজ করছে সব দপ্তরগুলো।
সচিব বলেন, নিজের জীবন নিজেই গড়তে হবে। আমি আমার স্বপ্ন নিয়ে আজ এ অবস্থানে এসেছি। বিনা স্বপ্নে কিছু করা যাবে না। প্রশিক্ষণ নিয়ে, স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। শুধু ঘরের বউ নয়। নারীদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। যুবকদের প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করা হচ্ছে। বাংলাদেশের মতো এতো ভাতা কোথাও নেই। আমরা কিছু দুর্নীতিবাজদের কারণে বদনাম কামাচ্ছি। প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন শুদ্ধি অভিযান এখানেই শেষ না, সব ক্ষেত্রেই হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মো. আহসান উদ্দীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর রেজাউল হক, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটোয়ারী, প্রশিক্ষণার্থী সাবিনা আক্তার, আল-আমিন, অনামিকা মন্ডল, যুব উন্নয় অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া আত্মনির্ভরশীল আব্দুল মতিন তাপাদার, সোনালী সুদিন সংগঠনের সভাপতি এইচএম হানিফ, জননী মহিলা কল্যাণ সমিতির জোসনা বেগম প্রমুখ।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ কেফায়তুল্লাহ।