পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সেবামূলক হতে হবে
……….ফরিদ শরীফ উদ্দিন আহমেদ
সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত গ্রাহকদের সব প্রশ্নের সরাসরি উত্তর নিয়ে অনলাইনে অভিযোগ ব্যবস্থা বিষয়ক সভা ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবা গ্রহীতাদের অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) বিকাল ৩টায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কনফারেন্স রুমে জেনারেল ম্যানেজার দেব কুমার মালোর সার্বিক সহযোগিতায় লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক ফরিদ শরীফ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, সবকিছুই এখন আমাদের অনলাইনে চলে আসছে, তাই অনলাইনের বিষয়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে হবে। অনলাইনে কিভাবে সংযোগ পাওয়া যায়, সে বিষয়ে সবাইকে জানাতে হবে, অনলাইনের সহজ সেবা কিভাবে গ্রাহকরা নিতে পারে সে বিষয়ে আলোকপাত করতে হবে, গ্রাহকদের সংযোগ কেন বিচ্ছিন্ন করা হয় সে সম্পর্কেও বলতে হবে, দালালদের থেকে দূরে থাকার জন্য বলতে হবে।
তিনি বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সেবামূলক হতে হবে। আমাদের আচরণে যাতে কোন গ্রাহক কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। গ্রাহকদের দোরগোড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির সেবা পৌঁছে দিতে হবে। সরকারের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কোন মানুষ যাতে অভিযোগ করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে। গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সঠিক বুদ্ধি-পরামর্শ দিতে হবে।
এ সময় ডিজিএম কারিগরি কমলেশ চন্দ্র বর্মন, এজিএম ওএন্ডএম মিফতাহ উদ্দিন, জুনিয়ার ইঞ্জিনিয়ার আইটি মিল্টন নাইডু, শিরিনা আক্তার, ওয়ারিং পরিদর্শক সোহেল রানা উপস্থিত ছিলেন।
৩১ মে, ২০২১।
