চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় সমিতির আওতাধীন এলাকার ১ হাজার ২৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গত কয়েকদিন ধরে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- জনপ্রতি ৫৫০ টাকার সমমূল্যের পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল। এর আগে সমিতির আওতাধীন এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে ১ হাজার ২৫০ জন অসহায় ও দুস্থদের তালিকা করা হয়। এরপর তালিকা অনুযায়ী প্রতিদিন রাতে তালিকাভুক্তদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ্ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি যারা এখনো বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেনি তাদের সংযোগ নেয়ার আহবান জানিয়ে হাট-বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধে ও জনসমাগম এড়াতে সমিতির আওতাধীন এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তালিকা করে এবং তাদের সহযোগিতায় ঘরে-ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এ সময় তিনি সমিতির গ্রাহকসহ সর্বস্তরের জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
২৪ আগস্ট, ২০২১।