স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের শেখ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ ৪ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১৭ মার্চ সকাল সাড়ে ১০টায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বসতঘর ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও ২নং ওয়ার্ড মেম্বার মো. মুনসুর খানসহ বিভিন্ন পেশার লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে শান্তনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন। এমনকি বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল ঐদিনই ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে পোশাক, শুকনো খাবার, চাল ও ডালসহ রান্না করার খাদ্য সামগ্রী কিনে দেন।
সরজমিন গিয়ে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ও ১টি পাকঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরনের বস্ত্র ও ভিটে-মাটি ছাড়া তাদের আর কিছুই নেই।
ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষক শহীদুল ইসলাম শেখ (৪০) জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে। তার বসতঘর ও পাকঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ভিটে-মাটি ছাড়া কিছুই নেই। এতে তার ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ছোট দু’টি মেয়ে রয়েছে।
আনোয়ার হোসেন শেখ (৩৫) জানান, অগ্নিকাণ্ডে নগদ ২ লাখ টাকা ও ১ লাখ টাকার ¯র্ণসহ পুরো বসতঘর পুড়ে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়। এতে তার বসতভিটা ছাড়া আর কিছুই নেই। আনোয়ারের ২ ছেলে রয়েছে। আনোয়ার পেশায় একজন দিনমজুর। এমনকি সে চোখেও কম দেখে।
মিজান শেখ জানান, অগ্নিকাণ্ডে তার বসতঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ২ ছেলে রয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের মাথা গোঁজার মত কোনো কিছুই নেই। খোলা আকাশের নিচে রাতযাপন করতে হবে তাদের। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্তনাদে এমন কেউ নেই যে তাদের চোখের পানি ধরে রাখতে পারবে।
২২ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পশ্চিম সকদীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই
