করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে
হাজীগঞ্জ ব্যুরো
‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মো. আব্দুর রহিম।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে এবং পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে রোববার (২১ মার্চ) বিকালে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারণা ও র্যালি এবং মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের দিক-নির্দেশনায় ও হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্বুদ্ধকরণ কর্মসূচির পালন করা হয়। করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ মার্চ থেকে দেশব্যাপী পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমুখ।
২২ মার্চ, ২০২১।
