চাঁদপুর পালপাড়া থেকে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পালপাড়া এলাকার একটি বহুতল ভবন থেকে আ. রাজ্জাক (২২) নামে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর মডেল থানা পুলিশ নির্মাণাধীন বহুতল ভবনের মালিক ওমর পাটওয়ারীর সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মৃত আব্দুর রাজ্জাক নওগাঁ জেলার পসরা থানার দুলাল হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া বলেন, ওই বহুতল ভবনে আ. রাজ্জাকসহ ১১জন শ্রমিক ভবন নির্মাণ কাজ করতে আসেন। রোববার সারাদিন কাজ করার পরে রাতে একই সাথে খাবার খেয়ে ঘুমাতে যান। সোমবার সকালে তাদের মধ্যে ওবায়েদুল নামে একজন রাজ্জাককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভবনের মালিককে জানান। মালিক সংবাদ পেয়ে থানায় তাৎক্ষনিক জানায়। এরপর সেখান থেকে ওই শ্রমিকের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, ওই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
১৮ আগস্ট, ২০২০।