স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পালবাজারে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) আনুমানিক ভোর সাড়ে ৫টার সময় বাজারের সামনের দিকে সাঈদ স্টোর নামের মুদি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে অল্পের জন্য পুরো বাজারের কয়েকশ’ ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
বাজার ব্যবসায়ীরা জানান, সোমবার ভোরে বাজারে মো. আবু সাঈদের মালিকানাধীন সাঈদ স্টোর নামক মুদি দোকানে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। বাজার ব্যবসায়ীরা প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পায়। সাথে সাথে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততোক্ষণে অগ্নিকাণ্ডে ওই ব্যবসায়ীর অনেক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
১৩ অক্টোবর, ২০২০।
