স্টাফ রিপোর্টার
বৈশ্বিক করোনার দ্বিতীয় ধাপ বৃদ্ধি পাওয়ায় ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য নিরাপদে ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রঙ দিয়ে গোল বৃত্তের চিহ্ন করে দিয়েছেন পুলিশ সুপার মিলন মাহমুদ। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১২টায় শহরের পালবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ে গোল বৃত্তের চিহ্ন একে দেয়া ও মাস্ক পড়া নিশ্চিতকরণে ক্রেতা-বিক্রেতাকে উদ্বুদ্ধ করা হয়।
এসময় সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, সংক্রমণরোধে সরকারের নির্দেশে মানুষকে সচেতন করতে আমরা কাজ করছি। এ বিষয়ে আপনাদের (মিডিয়া) সহযোগিতা বিশেষ প্রয়োজন। মানুষ যাতে কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে সামাজিক দূরত্ব বজায় রাখে সে লক্ষ্যে কাজ করছি। বাইরে বের হলে মানুষ যেনো মাস্ক ব্যবহার করে। আমরা চাইবো আপনারা মিডিয়াতে যারা কাজ করেন এ বিষয়গুলো প্রচার করবেন। তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে।
এসময় পালবাজারে বিভিন্ন দোকানের সামনে স্প্রে করে সাদা বৃত্ত এঁকে দেয়া হয় এবং ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গুরুত্বারোপ প্রদান করেন তিনি।
পুলিশ সুপারে সাথে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
০৭ এপ্রিল, ২০২১।

