চাঁদপুর পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৪ জন আটক

স্টাফ রিপোর্টার
বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫শ’ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকার সামনে সরকার এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে দালালদের গ্রেফতার করা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক আসামিরা হলেন- চাঁদপুর শহরের ষোলঘর এলাকার শংকর চক্রবর্তীর ছেলে অনুরাগ চক্রবর্তী (১৯), ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে মো. মাসুম হাসান রাজু (২৫), চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের মো. ছিটু গাজীর ছেলে মো. মোশাররফ হোসেন (৪২) এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান (৫৫)।
মেজর সাকিব জানান, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আসামিদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫শ’ টাকা নগদ, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদও অনুসন্ধানে আটকরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা দীর্ঘদিন পাসপোর্ট তৈরী করে দেয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত টাকার বেশি পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করেন। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সব কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
মেজর সাকিব বলেন, আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০১ ফেব্রুয়ারি, ২০২২।