স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক উল্টে রাজু (১৫) নামে এক কিশোর অটোবাইক চালকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চকিদার দোকান সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোবাইকে থাকা সাইফুল (১৩) ও বাঁধন (১২) নামে দুই কিশোর আহত হয়েছেন। নিহত রাজু পুরাণবাজার পূর্ব জাফরাবাদ পাটোয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালে রাজু তার সহপাঠীদের নিয়ে তার নিজের চালিত একটি অটোবাইক নিয়ে ঘুরতে বের হন। পরে সে বাড়ি ফেরার পথে পুরাণবাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চৌকিদার দোকান সংলগ্ন স্থানে গেলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এসময় রাজু অটোবাইকের নিচে চাপা পড়েন এবং তার সাথে থাকা দুই সহপাঠী কমবেশি আহত হন।
প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের মর্গে নিহতের মরদেহ রয়েছে।
১০ জানুয়ারি, ২০২১।
