চাঁদপুর পুরাণবাজারে ব্যাংকের গাড়ি চাপায় শিশুর মৃত্যু

 

এস এম সোহেল
চাঁদপুর শহরের পুরাণবাজারে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ বৌ-বাজারে গাড়ি চাপায় নিরব নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
শিশু নিহত হওয়ার ঘটনায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা অগ্রণী ব্যাংকের পাজেরো গাড়িটি ভাংচুর এবং গাড়ি চালক মুনির হোসেনকে মারধর করে। তবে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির সহায়তায় গাড়িতে থাকা ৩ বস্তা টাকা অক্ষত অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ রক্ষা করতে সক্ষম হয়।
নিহত নিরব পুরাণবাজার ১নং ওয়ার্ডে মোম ফ্যাক্টরী এলাকার দিনমজুর নাছির উদ্দিনের ছেলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় নিরব দোকান থেকে সদাই কিনতে নতুন রাস্তা এলাকায় আসে। অগ্রণী ব্যাংকের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮) পাজারো গাড়ি টাকার বস্তা নিয়ে চেম্বার অব কমার্সের নিচতলায় অগ্রণী ব্যাংক পুরানবাজার শাখায় যাচ্ছিলো। নতুন রাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় নিরব ছুটে এসে চলতি গাড়ির বাম পাশে সজোরে মাথায় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিশু নিরবের মাথার মগজ বেরিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় নিরবকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে।
এলাকাবাসী আরো জানান, এখানে রাস্তার উপরে দীর্ঘ কয়েক বছর যাবৎ বৌ-বাজার নামে অবৈধভাবে একটি বাজার গড়ে উঠেছে। প্রতিদিন এই বাজারে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর সমাগম ঘটে। এই বিপুলসংখ্যক মানুষদের পাশ কাটিয়েই পুরান বাজারের ব্যবসায়ীদের ডিস্ট্রিক্ট ট্রাক-লরিসহ বড় বড় যানবাহনগুলো মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অবৈধ বাজার গড়ে তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার হওয়ার পর গাড়ি ও চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান বলেন, যেহেতু এটি কোন হাইওয়ে সড়ক নয়, তাই এখানে চালক কোন অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গাড়ির গতি কত ছিল এবং চালক নেশাগ্রস্ত ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম জানান, পুরো ঘটনাটি আমরা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবো। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।
১৬ নভেম্বর, ২০২০।