হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে পুলিশ সুপারের তদারকি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
যানজট হাজীগঞ্জবাসীর কাছে নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই যানজট ছাড়িয়ে যায় অসহনীয়তার মাত্রায়। গত কয়েকদিনের এমন অসহনীয় যানজটে দুর্বিষহ হয়ে উঠছে হাজীগঞ্জবাসী। প্রতিনিয়ত সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থায়ী হচ্ছে এই যানজটের আকার।
দীর্ঘ এই যানজটের ফলে রাস্তার দুধারে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) বাস, ট্রাক, সিএনজিচালিত স্কুটার, ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা) ও রিক্সা-ভ্যানের দীর্ঘ সারি পড়ে যাচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজীগঞ্জবাসীকে।
তাই হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত রাখতে রোববার (১৫ নভেম্বর) দুপুরে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
পুলিশ সুপারের নির্দেশনার পর হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রশিদ থানার অন্যান্য কর্মকর্তা ও ট্রাফিক সার্জেন্টদের সাথে নিয়ে হাজীগঞ্জ বাজারে লেগে থাকা তীব্র যানজট লাঘব করেন।
এদিকে হাজীগঞ্জ বাজারকে নিয়মিত যানজট মুক্ত রাখতে বাজারের ব্যবসায়ী, হকার ও পরিবহন চালক, বিশেষ করে সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সা চালকদের সহযোগিতা কামনা করেন ওসি মো. আলমগীর হোসেন রনি ও টিআই মো. জাহাঙ্গীর আলম। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তারা জানান।
১৬ নভেম্বর, ২০২০।