চাঁদপুর পৌর নির্বাচনে হাজি মোশারফের বিএনপির দলীয় ফরম উত্তোলন

এস এম সোহেল
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় ফরম উত্তোলন করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস হাজি মোশারফ হোসেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির দলীয় ফরম কমিটির কাছ থেকে ফরম উত্তোলন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ফরম বিতরণের দায়িত্বে থাকা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী ও খলিলুর রহমান গাজী।
ফরম উত্তোলন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোশারফ হোসেন। তিনি বলেন, আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের দলের আরো অনেক প্রার্থী রয়েছে, তারাও দলীয় ফরম সংগ্রহ করবে। দল থেকে যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেয়া হবে। আমাদের মধ্যে কোন বিভেদ নাই।
তিনি আরো বলেন, হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছে। তাদের জায়গায় জায়গায় পুলিশ বাঁধা প্রদান করেছেন। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে। সবার জন্য অধিকার সমান রাখতে হবে। কেউ মিছিল করতে পারবে, কেউ পারবে না এটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।
এদিকে বিকেল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের কালীবাড়ি মোড়ে জড়ো হতে থাকে।
৭ সেপ্টেম্বর, ২০২০।