চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডে আ.লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের উকিল পাড়া আল-আমীন হাসপাতাল সম্মুখে নতুন বাজার ও উকিল পাড়া আওয়ামী পরিবারের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইঁয়া।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভার আওয়ামী লীগ ১৫টি ওয়ার্ডের কমিটিতে তারুণ্যনির্ভর ঘোষিত কমিটির ফলে তৃণমূলে দল শক্তিশালী এবং গতিশীল হবে। আমাদের সদর আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি দলের সাথে তাঁর আত্মার সম্পর্ক। এজন্য তিনি নিবেদিতপ্রাণ হিসেবে এই দলকে চাঁদপুরের একেবারে তৃণমূল থেকে ভীত মজবুত রাজনৈতিক সংগঠনে রুপান্তরিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এ আসন থেকে আপনাদের তৃণমূলের জনগণের ভোটে বিজয়ী হয়ে যে উন্নয়নের জোয়ার তুলেছেন তা স্বাধীনতার পর কেউ আর করতে পারেনি।
সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক বাপ্পী পাল।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান টিপুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইউনুস শোয়েব, ১০, ১১ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর আয়শা রহমান ও যুবলীগ নেতা ফারুক ভূঁইয়া।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক বাপ্পী পালকে দেয়া ফুলের মালা অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়াকে পরিয়ে দেয়া হয়।
১৮ নভেম্বর, ২০২০।