চাঁদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

 

নূরে আলম খান

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সব নেতৃবৃন্দের নামে অবৈধ হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সরোয়ার গাজী, শহর যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সদস্য জুয়েল দেওয়ান, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরণ মাঝি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এসব মামলা-হামলাকে যুবদলের নেতাকর্মীরা ভয় পায় না। ইতিহাস থেকে শিক্ষা নিন। এই পরিস্থিতি আর বেশিদিন টিকবে না ইনশাআল্লাহ। দেয়ালে কান পেতে শুনুন বিদায়ের ঘণ্টা বাজছে। পালাবার পথ খুঁজে পাবেন না। আমরা এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় যুবদলের নেতাকর্মীরা এর প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তুলবে।

এর আগে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয় উপস্থিত হন।

১৮ নভেম্বর, ২০২০।