চাঁদপুর ফাইভ স্টার পার্কের অর্থদণ্ড

বণ্যপ্রাণির যত্ন না নেয়ায়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার শিশু পার্কে বণ্য প্রাণির যত্ন না নেয়ায় এবং বন্যপ্রাণি সংরক্ষণ করার কোন লাইসেন্স না থাকায় পার্কের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ।
‘ইউএনও চাঁদপুর সদর’ ফেসবুকে লিখেন, আজ মুখবইয়ে একটি পোস্ট আমার নজর কাড়ে। পোস্টটি ছিলো এমন যে, চাঁদপুর বাবুরহাটে অবস্থিত ‘ফাইভ স্টার শিশুপার্ক’ এ কয়েকটি বানর ও একটি অজগর রয়েছে এবং তাদের যত্ন নেয়া হচ্ছে না ঠিকমতো। তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বন্যপ্রাণি সংরক্ষণ করার কোন লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এ-র ২৪ ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ঐ পার্কের মিজানুর রহমানকে।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানা পুলিশের সদস্যরা।
০৪ এপ্রিল, ২০২১।