চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে মুখোশ পড়ে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের হাজি বাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা সোহেল রানার ভাড়া দেওয়া প্রাণ ও এসিআই পরিবেশকের অফিসের তালা কেটে মুখোশ পড়া অবস্থায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ চোরের দল মালামাল, একটি এলইডি টিভি ও নগদ প্রায় ৬০হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে, গত রোববার দিবাগত রাত দেড়টায় জামিলা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হাসান আলী সেন্টুর প্রাণ ও এসিআই পরিবেশকের বঙ্গবন্ধু সড়কের অফিসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে থানার উপ-পরিদর্শক মো. সাখায়াত হোসেন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সম্পর্কে জেনে তা’ লিপিবদ্ধ করে নিয়ে যান। এ ঘটনায় সোমবার (৩১ জানুয়ারি) চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো বঙ্গবন্ধু সড়কের জামিলা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হাসান আলী সেন্টু রোববার তার অফিসের বিক্রয় প্রতিনিধি দিয়ে শহরের মার্কেটে বিক্রি করা প্রায় ৬০ হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে অফিসের তালা বন্ধ করে বাসায় চলের যায়।
সোমবার সকাল ৯টায় অফিস খোলতে এসে দেখতে পায় অফিসের তালা কেটে সুকৌশলে চোর মুখোশ পরিহিত অবস্থায় মাথায় কাপড় পেচিয়ে ও চোখে চশমা লাগিয়ে জামিলা এন্টার প্রাইজের ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, একটি ভিশন এলইডি ৩২ ইঞ্চি টিভি, যার মূল্য ২০হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। তাৎক্ষনিক বিষয়টি সে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি ও এলাকাবাসীকে অবগত করেন।
এ ব্যাপারে মো. হাসান আলী ঘটনাটি তদন্ত করে চোরের দলকে আটক করার জন্য জোর দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে এ সড়কের মুখে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরের দল এত সুকৌশলে চুরি করে গেলেও প্রশাসন তাদের কোনভাবে সনাক্ত করে আটক করতে পারছে না।
এতে করে চোর চক্র ধরা না পড়ায় চুরি শহরে বেড়েই চলছে। এলাকাবাসী জানান, এ বঙ্গবন্ধু সড়কে রাতের বেলা জনগনের জানমালের নিরাপত্তার জন্য এখানে কোন কমিউনিটি পুলিশ টহল সদস্য টহলের কাজে নিয়োজিত নেই। তাই তারা পুলিশ সুপার মিলন মাহমুদের কাছে দাবী জানান, এ এলাকায় কমিউনিটি পুলিশী টহল সদস্যদের টহল জোরদার করার জন্য।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে থানার অফিসার পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় ভিকটিম অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

০১ ফেব্রুয়ারি, ২০২২।