চাঁদপুর বাবুরহাটে চায়ের দোকান পুড়ে ছাই

সজীব খান
চাঁদপুর পৌরসভার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের বটতলায় গ্যাস পাইপের মেইন লাইন ফেটে আগুন লেগেছে। সোমবার (৮ মার্চ) বিকেল ৬টায় এ ঘটনা ঘটে। এতে রাস্তার পাশে থাকা শফিক ছৈয়ালের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, গতকাল বাবুরহাট মতলব পেন্নাই সড়কের বটতলা নামক স্থানে গ্যাস লাইনের মেইন পাইপ বিস্ফোরণ হয়। বিকট শব্দে বিস্ফোরণের ফলে আশপাশের মানুষজন ছুটে পালিয়ে যায়।
সরেজমিনে কয়েকজন জানান, প্রথমে বিকট শব্দে মাটির নিচে থাকা গ্যাস লাইনের মেইন পাইপ বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে থাকে। পরে চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। উপস্থিত জনসাধারণ তাৎক্ষণিক বালি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হলো এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
তবে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই পাইপ পরিবর্তন না করার ফলে এমন বিস্ফোরণ হয়েছে। এ পাইপগুলো পরিবর্তন না করা হলে ভবিষ্যতে আরও বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সাধারণ মানুষজন মনে করেন।
০৯ মার্চ, ২০২১।