আল আমি ছৈয়াল
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্বাচনী এলাকার উন্নয়নের অন্যতম চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যা এখন অবকাঠামো
উন্নয়নের অপেক্ষায় রয়েছে। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুরের দৃষ্টিনন্দন এলাকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করে অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও মতলব উত্তরের কৃতী সন্তান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শামসুল আলম চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকারিভাবে জমি অধিগ্রহণকৃত নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মৌজার বিশাল এ ভূ-খণ্ড দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে নির্ধারিত অধিগ্রহণকৃত জমি থেকে নদীর দূরত্ব কতোটুকু, তা সরেজমিনে দেখতে নদীর পাড়ে বিশাল গাড়ি বহর নিয়ে ছুটে যান।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. নাছিম আখতার, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. নাছিম আখতার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে স্বাগত জানিয়ে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে ব্রিফ করেন। সেই সাথে বিভিন্ন তথ্য-উপাথ্য উত্থাপন করেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জমির বরাবরে থাকা মেঘনা নদীর পাড় পরিদর্শন করেন এবং এখানকার বাঁধ রক্ষার বিষয়ে খোঁজ-খবর নেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে।
পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুর শহরের দৃষ্টিনন্দন ও পর্যটন এলাকা হিসেবে খ্যাত চাঁদপুর বড়স্টেশন মোলহেড পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে স্বাগত জানান এবং তিন নদীর মোহনা খ্যাত বড় স্টেশন মোলহেড ঘুরে-ঘুরে পর্যবেক্ষণ করেন।
২৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পরিদর্শন
