সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামে অসহায় জোসনা বেগমের দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) বাদমাগরিব এ ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে গেছে পুরো ঘর। এতে তাদের নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে না পারায় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা বাড়ির দলিল, টাকা পয়সা, জামা কাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
শাহমাহমুদপুর চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু ও ইউপি সচিব এমএ কুদ্দুছ রোকন তাৎক্ষণিক খবর পেয়ে গ্রাম পুলিশদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন এবং পুড়ে যাওয়া স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন সন্ধ্যায় অসহায় জোসনার বাড়িতে আগুন দেখে এলাকার লোকজন ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে জোসনার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
জোসনা বেগম জানান, আমার তিল তিল করে গড়ে উঠা স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে পড়েছি, আমার সন্তানদের নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। ধার দেনা, এদিক সেদিক থেকে খুঁজে বসতঘরগুলো নির্মাণ করি। অগ্নিকাণ্ড আমাকে রাস্তায় বসিয়ে দিল।
১৬ এপ্রিল, ২০২৩।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর ভড়ঙ্গারচরে দু’বসতঘর পুড়ে ছাই
