আ.লীগ সরকার মানুষের বিপদে পাশে দাঁড়ায়
মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। এ দেশের সাধারণ জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না। দুঃখী মানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবসময় খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ এমন একটি সরকারের দল, যে দল মানুষের বিপদে পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
গত শুক্রবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকী বাজারে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণকালে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম তিনি একথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা সগির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাড. আক্তারুজ্জামান, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন সরকার সেলিম।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের অংশীদার হিসেবে আমরা যে যে অবস্থানেই আছি না কেন প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত।
১৬ এপ্রিল, ২০২৩।
