চাঁদপুর মডেল থানার অভিযানে ৪৭ কিশোর আটক

 

 

২ ঘণ্টার চিরুনি অভিযান

এস এম সোহেল
চাঁদপুর সদর মডেল থানার ২ ঘণ্টার চিরুনি অভিযানে ৪৭ কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যায় কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ।
অভিযান চলাকালীন সময়ে মডেল থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে চাঁদপুর শহরের প্রেসক্লাব ঘাট, ৫নং কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লী, ছায়াবাণী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, মিশন রোড বালুর মাঠ ও ট্রাক রোডে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৪৭ জনকে আটক করে।
অভিযান শেষে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ চলমান অব্যাহত থাকবে। আমি নতুন অফিসার ইনচার্জ হিসেবে বলতে চাই, সবার সহযোগিতায় চাঁদপুরবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি শহর উপহার দিতে চাই।
তিনি আরো বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের উপর নজর রাখুন। কোন অবস্থাতেই তারা যেন সন্ধ্যার পর বাইরে বের না হয়। মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষন দেখামাত্রই চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানোর অনুরোধ জানান। আটকদের যাচাই-বাছাইয়ের পর অভিভাবকদের থানায় ডেকে এনে সতর্ক করে দেয়া হবে।
অভিযানে চাঁদপুর মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহম্মেদসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
০৩ মার্চ, ২০২১।