চাঁদপুর মডেল থানার অভিযানে আটক ১

মাদক ব্যবসায়ীদের বাড়িতে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ভ্যারাইটিজ রাসেল (৩৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের আদর্শ মুসলিম পাড়ায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী ভ্যারাইটিজ রাসেল ঐ এলাকার আব্দুল খালেকের ছেলে।
এছাড়া গতকাল সোমবার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি এলাকার আফজাল চৌধুরীর ছেলে আল-আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরো অংশ নেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশীদ, পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড অপারেশন্স) আব্দুর রব, এসআই পলাশ বড়ুয়া, এএসআই সেলিম মিয়াসহ অন্যান্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, আদালত রাসেলের বাড়ির সব মালামাল ক্রোক করার নির্দেশনা দেয়। কিন্তু আসামি রাসেলকে পেয়ে যাওয়ায় তার মালামাল আর ক্রোক করা হয়নি। আর অপর আসামি আল-আমিন জেলহাজতে থাকায় তার মালামাল ক্রোক করা হয়নি।
থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।