চাঁদপুর মডেল থানা ও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে সিএনজি স্ট্যান্ড এখন পুলিশ বক্সের পেছনে

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কালি বাড়ি মোড় শপথ চত্বরের যানজট নিরসনে পুলিশ বিভাগ এখন দায়িত্ব নিয়েছে। শপথ চত্বর মোড়ে সিএনজি স্কুটার যত্রতত্র রেখে এ চার রাস্তার মোড়ে যানজটের সৃষ্টি করে রাখা হয়। এ যানজটের নাকাল থেকে শহরবাসীকে পরিত্রাণ দিতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ দায়িত্ব নিয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকালে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দীন ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জহিরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে কালি বাড়ি মোড় এলাকার পুলিশ বক্সের পেছনে রেলওয়ের খালি স্থানে অবৈধভাবে গড়ে উঠা টং দোকান সরিয়ে সেখানে এলোমেলো ভাবে রাস্তায় রাখা সিএনজি স্কুটার নিয়ে যান। তাদের নির্দেশ দেয়া হয় যেন সিএনজি স্কুটার রাস্তায় না রাখা হয়। এ নির্দিষ্ট স্থান থেকে যাত্রী নিয়ে যেন যাতায়াত করা হয়। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কয়েক বছর আগে সিএনজি শ্রমিক ইউনিয়নের নাম করে সিএনজি স্কুটার স্ট্যান্ড এই স্থানে করা হয়। দু’পক্ষের দ্বন্দ্ব আর সংঘর্ষের পর তা পণ্ড হয়ে যায়। সবার দাবি এখন থেকে পুলিশ প্রসাশনের তদারকি করলে শৃঙ্খলা ফিরে আসবে এ স্থানে।
২১ ডিসেম্বর, ২০২০।