হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল

পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক (৫৮) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)। রোববার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির মরহুম খলিলুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসের শেষ দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আলহাজ আবু বকর ছিদ্দিক। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ নভেম্বর তাকে ভারত নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন।
গতকাল রোববার আলহাজ আবু বকর ছিদ্দিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ (সোমবার) মরহুম আলহাজ আবু বকর সিদ্দিককে দাফন করা হবে। জানাযার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে জানান পরিবারের লোকজন।
এদিকে কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিকের মৃত্যুতে তার পরিবারসহ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ পৌর পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
২১ ডিসেম্বর, ২০২০।