স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ট্রাক ভর্তি জাটকাসহ ৩ জনকে আটক করেছে। পরে জব্দকৃত জাটকাগুলো অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
একটি সূত্র থেকে জানা যায়, চাঁদপুর শহরের পুরাণবাজার রনাগোয়াল থেকে প্রায় ১ হাজার কেজি জাটকা মাছ (ঢাকা মেট্রো-ন-১৫-৩৯১১) পিকআপযোগে ঢাকায় পাচার করছিল। রাত ৩টার দিকে চাঁদপুর মডেল থানার এসআই নাসির উদ্দিন ও নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালায়। এ সময় চাঁদপুর পৌরসভার সামনের রাস্তায় পিকআপটিকে আটক করে থানায় নিয়ে আসে।
রোববার (১১ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ ও সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে জাটকাগুলো বিতরণ করেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ জানান, মার্চ-এপ্রিল দু’মাস জাটকা রক্ষার মৌসুম। সরকার নিষিদ্ধ কোনো প্রকার জাল নদীতে ফেলে মাছ ধরা, পরিবহন করা এমনকি বিক্রয় ও বিপণন করা যাবে না। অসাধু জেলেরা জাটকা নিধন করে ট্রাকযোগে অন্যত্র পাচার করছিল। আমরা জানতে পেরে অভিযান চালিয়ে ট্রাক ও জাটকাসহ ৩ জনকে আটক করেছি।
আটকরা হলো- মাছের মালিক পক্ষের আমির হোসেন (৪৫), ট্রাকের চালক এবং হেলপার খলিলুর রহমান ও রাশেদ হোসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
১২ এপ্রিল, ২০২১।
