হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফুর রহমান সেলিম তালুকদারের (৫২) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ এপ্রিল) সকাল ১০টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গত শনিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম আরিফুর রহমান সেলিম তালুকদার হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাই ফ্যাশন ফার্নিচারের স্বত্বাধিকারী ছিলেন। তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের তালুকদার বাড়ির মরহুম আলী আকবর তালুকদারের মেঝো ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও তিন ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেইনস্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান সেলিম তালুকদার। এছাড়া তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। জানাযায় অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, অধ্যাপক জামাল তালুকদার, পৌরসভার কাউন্সিলর কাজী মনির হোসেন ও হাজি কবির হোসেন কাজী।
এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা, হুমায়ুন কবির সুমন, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটাত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের লোকজন জানাযায় অংশগ্রহণ করেন।
১২ এপ্রিল, ২০২১।
