স্টাফ রিপোর্টার
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক মতবিনিময় সভা বুধবার (৬ জুলাই) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের অবৈতনিক সাধারণ সম্পাদক এম.এ মাসুদ ভূঁইয়া। তিনি মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপতালের উন্নয়নের জন্য এবং করোনা মহামারীকালে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য হাসপাতালের সব চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সাথে বাস্তবায়িত কার্যক্রমসমূহে অংশগ্রহণের মাধ্যমে হাসপাতালে নিরবিচ্ছিন্নভাবে উন্নত ও আধুনিক সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হাসপাতালে রোগী সেবার পরিধি বৃদ্ধিকরণ এবং আধুনিকায়নের লক্ষ্যে বিশেষায়িত রেটিনা এবং আরওপি ইউনিটের কার্যক্রম চালু করা হয়েছে। হাসপাতালের এসিস্টেন্ট সার্জন ও রেটিনা রোগ বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে বর্তমানে আরওপি ও ডায়াবেটিস রেটিনোপ্যাথি রোগে আক্রান্ত রোগীদের স্ক্রীনিংয়ের পাশাপাশি এভাস্টিন ইনজেকশন প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে লেজার মেশিনের মাধ্যমে আরও উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা চালু করা প্রয়োজন।
হাসপাতালের কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. রাশেদুর রহমান তালুকদার বলেন, বর্তমানে হাসপাতালে আগত ক্রমবর্ধমান রোগীদের বিশেষায়িত সেবা প্রদানের লক্ষ্যে এবং সেবার পরিসর আরো বৃদ্ধি করার জন্য হাসপাতালের নতুন ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন।
হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ হাসপাতালের সার্বিক কার্যক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে সবাইকে জানান এবং মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবার বর্তমান ধারা অব্যহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। উন্নতমানের রোগীসেবায় হাসপাতালের চিকিৎসকদের সব বক্তব্য মনোযোগসহ শুনেন হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রকল্প কার্যক্রম গ্রহণসহ রোগীদের সেবার মানোন্নয়নে যাবতীয় ব্যবস্থাগ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি নিয়মিত এ ধরনের সভা আয়োজন করার অনুরোধ করেন। করোনা মহামারী পরিস্থিতিতে দাতা সংস্থাসমূহের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান। স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বিগত সময়ের মতো বর্তমান পরিস্থিতিতেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
০৭ জুলাই, ২০২২।
