চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজে নবীনবরণ

শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
…………………..আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
‘তোরা সব জয়ধ্বনি কর, ঐ নূতনের কেতন ওরে কাল বোশেখের ঝড়’ এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজের হলরুমে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা যারা এ কলেজে পড়ালেখা করছো হয়তো তোমরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়রসহ বিভিন্ন ক্ষেত্রে গুণী মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে। নিজেকে ভালো গুণী এবং সুপ্রতিষ্ঠিত হিসেবে গড়তে হলে তোমাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা যারা লেখাপড়া করছো, এদের মধ্যে কোন ছাত্র-ছাত্রী যেনো মাদকের সাথে জড়িত না হয়। কারণ তোমাদের অনেক স্বপ্ন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে যারা একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে তারাও তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেদিন যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, আক্কাস আলী রেলওয়ে একাডেমী হাইস্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসেন, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাড. নুরুল হক কমল, চাঁদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী প্রমুখ।

২ জুলাই, ২০১৯।