স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের প্রথম অ্যাসেম্বলি, ৫ম সেশন সভা ও ক্লাবের ২৫০৮তম সভা গত শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। অ্যাসেম্বলিতে ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন রোটা. পিপি তমাল কুমার ঘোষ, রোটা. পিপি অধ্যাপক জাকির হোসেন ও রোটা. পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে ক্লাবের সভা ও এসেম্বলী অনুষ্ঠিত হয়। পরে ক্লাব ট্রেইনাররা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ট্রেইনিং সেশন পরিচালনা করেন। মিটিংয়ে সদ্যপ্রয়াত রোটারিয়ান ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী দীন মোহাম্মদের মৃত্যুতে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রোটা. রফিকুল ইসলাম। সভা চলাকালীন ক্লাবের সাবেক সভাপতি রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেলের জেঠা, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল মান্নানের ইন্তেকালের সংবাদ আসে। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের ভবন নির্মাণ প্রক্রিয়ায় একজন দাতা হিসেবে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় সাবেক সভাপতি রোটা. নাসির খানের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রোটা. হিরেন্দ্র দেবনাথ রোটারী প্রত্যয় পাঠ করেন। সময়মত মিটিংয়ে উপস্থিতির জন্যে রোটা. কাজী মিজানুর রহমান এবং শেষ পর্যন্ত উপস্থিতি ও সার্বিক কর্মকা-ের জন্যে রোটা. তমাল কুমার ঘোষ পূর্ব প্রতিশ্রুতির আকর্ষণীয় পুরস্কার লাভ করেন। তিন সেশনে মনোযোগী হওয়ার জন্যে রোটা. সাইফুল ইসলাম, রোটা. হিরেন্দ্র দেবনাথ ও রোটা. শাহানা ইসলাম লেবেল পিন লাভ করেন। এছাড়া রোটারিয়ান শাহানা ইসলামকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্লাব সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া দাতব্য চিকিৎসালয়ের রিপোর্ট প্রদান করেন এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস রোটা. জুয়েল হাসান উপস্থিতির পরিসংখ্যান প্রদান করেন। মিটিং শেষে প্রেসিডেন্ট সবাইকে রাতের খাবারে আমন্ত্রণ জানান এবং ভাইস-প্রেসিডেন্ট রোটা. অ্যাড. নজরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
২৪ জুলাই, ২০২২।
